খুলনায় মৃত্যদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

বাগেরহাটে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ইলিয়াস শেখকে (৪৮) গ্রেফতার করেছে র‌্যাব। ইলিয়াস নিজের বড় ভাই হত্যা মামলার আসামি। মৃত্যুদণ্ডের আদেশের পর থেকে তিনি পলাতক ছিলেন।  
 
ইলিয়াস মোরেলগঞ্জ উপজেলার চণ্ডিপুর গ্রামের মো. আছমত আলী শেখের ছেলে। শুক্রবার র‌্যাব-৬ খুলনার লবণচরাস্থ সদর দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।  
 
র‌্যাব-৬ খুলনার পরিচালক অতিরিক্ত ডিআইজি খন্দকার রফিকুল ইসলাম জানান, গত বৃহস্পতিবার ভোরে র‌্যাব-৬-এর (সিপিসি-১) একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার চণ্ডিপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে ইলিয়াস শেখকে গ্রেফতার করে। ইলিয়াস মোরেলগঞ্জের চণ্ডিপুর গ্রামের তরিকুল ইসলাম হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি।
 
র‌্যাব পরিচালক বলেন, গ্রেফতারকৃত ইলিয়াস পারিবারিক কলহের জের ধরে ১৯৯৯ সালের ২৩ মার্চ আপন বড় ভাই ওলিয়ার রহমানকে হত্যা করে। পরবর্তীতে এ হত্যা মামলায় জামিন নিয়ে তিনি সৌদি আরব চলে যান। সেখানে আর্থিক সংকটে পড়ে তিনি দেশে ফিরে এসে এলাকায় একটি সস্ত্রাসী বাহিনী তৈরি করে। পূর্ব শত্রুতার জের ধরে ২০০৪ সালের ৯ জানুয়ারি তিনি একই গ্রামের তরিকুল ইসলামকে ধারালো চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করে। এ হত্যা মামলায় বাগেরহাটের আদালত তাকে ফাঁসিতে ঝুঁলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দেন।
 
ইত্তেফাক/ইউবি