ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে শিমরাইলকান্দি শ্মশান ঘাট থেকে মেড্ডা কালাগাজীর মাজার অংশে এ বাইচ অনুষ্ঠিত হয়। ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন এ বাইচের আয়োজন করে।
নৌকাবাইচ উপলক্ষে উৎসবমুখর পরিবেশ তৈরি হয় তিতাসজুড়ে। সকাল থেকে জেলার বিভিন্ন অঞ্চল থেকে ছোট বড় নৌকা নিয়ে উৎসাহী দর্শকেরা নদীর দুই পাড়ে হাজির হতে থাকে।
অায়োজকরা জানায়, জেলার বিজয়নগর, সরাইল, নাসিরনগর উপজেলা থেকে মোট ১০টি নৌকা প্রতিযোগিতায় অংশ নেয়। দুই পর্বে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বেলা সাড়ে তিনটার দিকে শিমরাইলকান্দি শ্মশান ঘাট থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য উবায়দুল মোকতাদির চৌধুরী। শহরের দক্ষিণ প্রান্তের শিমরাইলকান্দি শ্মশান ঘাট থেকে নৌকাবাইচ মেড্ডা কালাগাজীর মাজার এলাকায় গিয়ে শেষ হয়।
জেলা প্রশাসক রেজওয়ানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সংরক্ষিত মহিলা আসনের সাংসদ ফজিলাতুন নেসা, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ফাহিমা খাতুন, পুলিশ সুপার মিজানুর রহমান, বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. কামরুজ্জামান, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশিরুল হক ভূঞাসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় প্রথম হওয়া দলকে একটি ফ্রিজ, দ্বিতীয় ও তৃতীয় স্থান দখলকারী দলকে একটি করে টেলিভিশন দিয়ে পুরস্কৃত করা হয়।
ইত্তেফাক/জামান