ডর্টমুন্ডের সঙ্গে ২০২০ পর্যন্ত চুক্তি বাড়ালেন কাগাওয়া

বুন্দেসলিগার ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডের সঙ্গে ২০২০ পর্যন্ত চুক্তি বৃদ্ধি করেছেন জাপান জাতীয় দলের মিডফিল্ডার শিনজি কাগাওয়া। জার্মান ক্লাব সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। 
 
প্রাক মৌসুম সফরের অংশ হিসেবে ডর্টমুন্ড শুক্রবার টোকিওতে পৌঁছেছে। কাগাওয়া সম্পর্কে মন্তব্য করতে গিয়ে ডর্টমুন্ডের স্পোর্টিং পরিচালক মাইকেল জোরাক বলেছেন, ‘আমরা অত্যন্ত আনন্দিত যে শিনজি আরও তিন বছরের জন্য আমাদের সাথে খেলবে। আমাদের ক্লাব, শহর ও সমর্থকদের কাছে শিনজি খুবই জনপ্রিয়। সে আমাদের দলের তরুণদের জন্য একজন গুরুত্বপূর্ণ রোল মডেল হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে।’
 
২০১০ সালে ডর্টমুন্ডে যোগ দেবার পরে দুই মেয়াদে ক্লাবের হয়ে ২৮ বছর বয়সী কাগাওয়া ১৮৫টি ম্যাচে ৫৪টি গোল করেছেন, বুন্দেসলিগা শিরোপা জিতেছেন দু’বার। মাঝে দুই মৌসুম ম্যানচেস্টার ইউনাইটেডে কাটানোর পরে ২০১৪ সালে পুনরায় ডর্টমুন্ডে ফিরে এসেছিলেন।
বাসস। 
 
ইত্তেফাক/এমআই