যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যা, শ্বশুর-শাশুড়ি আটক

 
যৌতুকের দাবিতে জেলার তাড়াশ সদরের নিমতলা এলাকার মোছা. তানিয়া খাতুন (২২) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী ও শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে। আজ শনিবার সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ। 
 
জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নেওয়া হয়েছে নিহতের শ্বশুর এবং শাশুড়িকে। শুক্রবার দিনগত রাতে ১২ টার দিকে হত্যার ঘটনাটি ঘটানো হয় বলে নিহতের স্বজনদের ধারণা।
 
নিহত গৃহবধূ তানিয়ার বড় ভাই মিন্টু বলেন, বিয়ের তিন বছরে কয়েক দফায় তার ভগ্নীপতি সবুজকে (২৮) যৌতুকের লক্ষাধিক টাকা দেওয়া হয়। সবশেষ গত রোজার ঈদের আগেও সরকারি চাকরি পাওয়ার মিথ্যা কথা বলে আরো এক লাখ টাকা হাতিয়ে নেন। এভাবে যৌতুক জন্য তানিয়ার ওপর তার শারীরিক ও মানসিক নির্যাতন চলতেই থাকে। শুক্রবার রাতে আবারো তানিয়ার কাছ থেকে যৌতুকের টাকা চেয়ে বাবা-মাকে চাপ দিতে বলেন সবুজ। 
 
এতে তানিয়া অস্বীকৃতি জানালে তাকে মারধরের একপর্যায়ে গলা টিপে হত্যা করে ঘরে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে প্রচার করার চেষ্টা করেন তিনি।
 
তাড়াশ থানা ওসি (তদন্ত) মো. ফজলে আশিক জানান, ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্বামী পলাতক রয়েছেন। শ্বশুর-শাশুড়িকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়েছে। 
 
ইত্তেফাক/কেকে