খুলনায় ছাত্রলীগের দুগ্রুপের সংঘর্ষ, আহত ৫

খুলনায়  আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগের দুগ্রুপের সংঘর্ষে কলেজ সভাপতিসহ পাঁচ নেতাকর্মী আহত হয়েছেন।
 
শনিবার ডুমুরিয়া উপজেলার শাহপুর-মধুগ্রাম কলেজে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় একটি মোটরসাইকেল ও লেগুনা ভাঙচুর করা হয়। আহতদের মধ্যে কলেজ ছাত্রলীগ সভাপতি শেখ রাব্বি হাসানের অবস্থা আশঙ্কাজনক। 
 
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, শনিবার বেলা ১১টার দিকে ডুমুরিয়া উপজেলার শাহপুর-মধুগ্রাম কলেজের ছাত্রলীগের নবগঠিত কমিটির সভাপতি শেখ রাব্বি হাসানের (২৪) নেতৃত্বে একটি মিছিল বের করা হয়। মিছিলটি শাহপুর বাজার প্রদক্ষিণ শেষে কলেজ গেটে গিয়ে শেষ হয়। এ সময় প্রতিপক্ষ ছাত্রলীগ কর্মী হাবিবুর রহমান, তৈয়েবুর রহমান, শেখ জুয়েল, রাতুল, সাকলাইন, আলী, ও তপুসহ ১০-১২ জন নেতাকর্মী রাব্বি হাসানের ওপর হামলা চালায়। এতে তিনি আহত হন। এ খবর ছড়িয়ে পড়লে রাব্বির সমর্থকরা কলেজ থেকে বেরিয়ে শাহপুর বাজার মোড়ে পৌঁছালে দুগ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয় । এতে রাব্বির সমর্থক ছাত্রলীগ কর্মী জসিম উদ্দিন, আজিজুল হক, আব্দুল হাকিম, সোহাগ, রবিউল ইসলাম রুবেলসহ পাঁচজন আহত হন।
 
এ সময় বাজারে থাকা উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আক্তারুল আলম সুমনের একটি মোটরসাইকেল ও যাত্রীবাহী একটি লেগুনা ভাঙচুর করা হয়। আহতদের প্রথমে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়।
 
এ ব্যাপারে স্থানীয় রঘুনাথপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোশারফ হোসেন বলেন, ছাত্রলীগের দু-গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। 
 
জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গাজী আব্দুল হাদী বলেন, সরদার আবু সালেহের সমর্থকরা বহিরাগতদের নিয়ে কলেজ সভাপতি শেখ রাব্বি হাসানসহ সাধারণ ছাত্রদের ওপর হামলা চালিয়েছে।
 
ইত্তেফাক/ইউবি