ড্রেজার মেশিন দিয়ে অবৈধ বালু উত্তোলন করার অপরাধে তিনটি ড্রেজার মেশিন নিলাম ও মালিকদের জেল-জরিমানা ও ৬জনকে আটক করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার কাশিয়ানী উপজেলার কুমার খালের কুমারিয়া বাজার ও রামদিয়া এলাকার সাদুহাটি নামক স্থানে মোবাইল কোর্ট অভিযানের সময় এ ঘটনা ঘটে।
জানা গেছে, শনিবার কাশিয়ানী উপজেলার কুমার খালের রামদিয়া ও কুমারিয়া বাজার এলাকায় মোবাইল কোর্ট অভিযানে অবৈধ ভাবে বালু উত্তোলন করায় সাদুহাটি থেকে একটি ও কুমারিয়া বাজার এলাকা থেকে দুইটিসহ তিনটি ড্রেজার জব্দ করা হয়। এরপর ড্রেজার মেশিন তিনটি প্রকাশ্য নিলামে ৬৪ হাজার টাকা বিক্রি ও ড্রেজার মালিক নাজমুল খানকে ৭০ হাজার, জাকির হোসেনকে ৭০ হাজার ও শাহাবুদ্দিনকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেওয়া সহ ৬ জনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।
কাশিয়ানী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. আল মোক্তাদির হোসেন ঘটনা নিশ্চিত করে জানান, ড্রেজার মেশিন দ্বারা অবৈধ ভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে। বালু উত্তোলনকারীরা কেউ আইনরে উর্ধ্বে নয়।
ইত্তেফাক/এমআই