আটঘরিয়ায় অজ্ঞাত তরুণীর মৃতদেহ উদ্ধার

পাবনার আটঘরিয়ায় অজ্ঞাতনামা এক তরুণীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল আটটার দিকে উপজেলা বাওইকোলা এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
 
আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, মঙ্গলবার সকালে উপজেলার চাঁদভা ইউনিয়নের বাওইকোলা গ্রামে চাটমোহর-পাবনা সড়কের পাশে এক তরুণীর মৃতদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। 
 
ওসি আরও জানান, তরুণীর নাম পরিচয় জানা যায়নি। বয়স হবে ২০-২২ বছর। পরনে রয়েছে থ্রি-পিস। গলায় আঘাতের চিহ্ন দেখে পুলিশের ধারণা, অন্য কোনো স্থানে তরুণীকে শ্বাসরোধে হত্যার পর মৃতদেহ এখানে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। বিষয়গুলো তদন্ত করে দেখা হচ্ছে।
  
ইত্তেফাক/এমআই