রাজবাড়ী বালিয়াকান্দিতে নির্বাহী অফিসারের সরকারি মোবাইল নম্বর ক্লোন করে উপজেলার জামালপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. ইউনুস আলী সর্দারের কাছ থেকে তিন লাখ ৮৮ হাজার টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র।
চেয়ারম্যান মো. ইউনুস আলী বলেন, 'সোমবার বেলা ১১টার দিকে অজ্ঞাত ব্যক্তি নির্বাহী অফিসার এইচ এম রকিব হায়দারের ব্যবহৃত মোবাইল নম্বর ক্লোন করে আমাকে ফোন করে টিআর, কাবিখা ও জিআর এর জন্য ঢাকায় মন্ত্রণালয়ে টাকা পাঠাতে হবে বলে জানায়। কিছুক্ষণ পর ০১৮৪৯৪৫৪০২৮ নম্বর থেকে ফোন করে আমাকে টাকা পাঠানোর জন্য ২২টি বিকাশ নম্বর দেয়। আমি কিছু বুঝে উঠার আগেই সরল বিশ্বাসে বিভিন্ন দোকান থেকে তিন লাখ ৮৮ হাজার টাকা বিকাশ করে দেই। পরে ইউএনওর কার্যালয়ের উচ্চমান সহকারী এস এম আসলাম আমাকে ফোন করে জানান ইউএনওর নম্বর ক্লোন করে প্রতারণা করা হচ্ছে।'
মঙ্গলবার দুপুরে এ ব্যাপারে জামালপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. ইউনুস আলী সর্দার বাদী হয়ে বালিয়াকান্দি থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল এব্যাপারে জানান, বিষয়টি নিয়ে গুরুত্বসহকারে তদন্ত করা হবে। প্রয়োজনে তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হবে।
ইত্তেফাক/জামান