কুড়িগ্রামের রৌমারীতে যৌতুকের জন্যে শ্বাসরোধ করে মাজেদা খাতুন (৩০) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগে স্বামী সামছুদ্দোহাকে গ্রেফতার করেছে পুলিশ।মঙ্গলবার দুপুর ১টার দিকে রৌমারী উপজেলার সীমান্ত ঘেঁষা ভুন্দুরচর এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার সীমান্ত ঘেঁষা চরফুলবাড়ি গ্রামের মাজম আলীর মেয়ে মাজেদা খাতুন এর সাথে পার্শ্ববর্তী গ্রামের বদিউজ্জামানের ছেলে সামছু দোহার বিয়ে হয়। তাদের ঘরে মাহবুব (৮) ও দোলেনা (৫) নামের দু'টি সন্তানও রয়েছে। বিয়ের পর তাদের সংসারে অভাব-অনটন লেগে থাকে। মাঝে মধ্যে স্বামী সামছুদ্দোহার যৌতুকের জন্য প্রায় শারীরিক নির্যাতন করে আসছিল। ঘটনার দিন প্রতিবাদের একপর্যায়ে স্বামী তাকে শ্বাসরোধ করে হত্যা করে। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা.শাহনেওয়াজ তাকে মৃত্যু বলে ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ বিকেল ৪টার দিকে নিহতের লাশ উদ্ধার করে রৌমারী থানায় নিয়ে আসে। এ ঘটনায় নিহতের মা মর্জিনা বাদী হয়ে রৌমারী থানায় মামলা দায়ের করেন। রৌমারী থানার ওসি (তদন্ত) রুহানী পিপিএম জানান, নিহতের স্বামীকে গ্রেফতার করা হয়েছে এবং লাশ ময়না তদন্তের কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/জামান