ঈশ্বরদী মুলাডুলি ইউনিয়নের দরগাপাড়া গ্রামের সিরাজ উদ্দিন প্রামানিকের ছেলে মাহাবুবুর রহমান মিন্টুর বাড়ি থেকে দুটি বড় গোখরা, ১০৭টি জীবিত গোখরা সাপের বাচ্চা ও ৩৬টি গোখরা সাপের ডিম পাওয়া গেছে। বুধবার সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত মিন্টুর বাড়ির একটি ঘরের বিভিন্ন জায়গা থেকে এই সাপগুলো বের করা হয়।
স্থানীয় সাপুড়ে ঘরের বিভিন্ন জায়গা থেকে সাপগুলো উদ্ধার করে। এসব সাপ দেখতে আজ বৃহস্পতিবার সকালে ওই বাড়িতে ভিড় করে মানুষ।
সাপুড়ে সানোয়ার হোসেন জানান, দরগাপাড়া গ্রামের মিন্টুর বাড়ির একটি ঘর থেকে দুটি বড় গোখরা, ১০৭টি জীবিত গোখরা সাপের বাচ্চা ও ৩৬টি গোখরা সাপের ডিম পাওয়া গেছে। বড় সাপ হলে যারা সাপের খেলা দেখায় তারা আমাদের কাছ থেকে কিনে নেয়। সাপের ছোট বাচ্চা কোনো কাজে লাগে না। এগুলো আমরা মেরে পুঁতে ফেলি।
মিন্টু জানান, বাড়ির উঠানে একটি সাপের বাচ্চা দেখতে পাওয়া যায়। সাপের বাচ্চাটি দেখার পর স্থানীয় সাপুড়েকে খবর দেয়া হয়। সাপুড়ে এসে ঘরের বিভিন্ন জায়গা খুড়ে সন্ধ্যা পর্যন্ত দুটি বড় গোখরা, ১০৭টি জীবিত গোখরা সাপের বাচ্চা ও ৩৬টি গোখরা সাপের ডিম উদ্ধার করেন।
দরগাপাড়ার বাসিন্দা আব্দুস সামাদ জানান, একটি বসতবাড়িতে এভাবে প্রচুর সাপ উদ্ধার হওয়ায় মানুষের মধ্যে ভীতির সৃষ্টি হয়েছে। অনেকে বাড়িতে থাকতেও এখন ভয় পাচ্ছে। এদিকে এই অঞ্চলে বন্যা না হলেও বৃষ্টিতে ডোবা-নালা ভরে যাওয়ায় সাপের আনাগোনা বেড়েছে বলে গ্রামবাসীরা ধারণা করছেন।
ইত্তেফাক/কেকে