সিভিল সার্ভিসের সবচেয়ে মর্যাদাপূর্ণ ‘জনপ্রশাসন পদক ২০১৭’-এর জন্য চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন শার্শা উপজেলার নির্বাহী অফিসার আব্দুস সালাম। সিভিল প্রশাসনে কর্মরত কর্মকর্তাদের উদ্ভাবনী চর্চা, সৃজনশীল জনসেবা সহজীকরনসহ কর্মস্পৃহা বৃদ্ধি, জনসেবার প্রতি মনোযোগ সৃষ্টিসহ ভালো কাজের স্বীকৃতি স্বরূপ এ বছর তিনি এ পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন।
সারা দেশের মধ্য হতে বিভিন্ন প্রকল্প জনপ্রশাসন মন্ত্রণালয়ে জমা হয়। পরবর্তীতে জনপ্রশাসন পদক সংক্রান্ত জাতীয় কমিটি বিভিন্ন ব্যক্তি,দল ও প্রতিষ্ঠানকে চূড়ান্তভাবে এ মনোনয়ন দিয়ে থাকেন। আগামী ২৩ জুলাই জাতীয় জনপ্রশাসন দিবসে আনুষ্ঠানিকভাবে নির্বাচিতদের হাতে নগদ অর্থ ও সম্মাননাপত্র, ক্রেস্ট তুলে দেয়া হবে।
এ বছর সাধারণ ক্যাটাগরিতে দলগতভাবে ঐতিহ্যবাহী যশোর জেলার উদ্ভাবনী প্রকল্প অপরাজিতা যশোর(যশোর জেলার নির্যাতিত নারী ও শিশুদের জন্য আইনি সহায়তা প্রকল্প) চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছে। দলনেতা হিসাবে যশোরের সাবেক জেলা প্রশাসক ড. মো. হুমায়ুন কবির, দলের সদস্য হিসাবে যশোরের সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন, শার্শা উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালাম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সকিনা খাতুন এবং যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী প্রোগ্রামার মো. মোতাহার হোসেনকে জন প্রশাসন পদক-২০১৭ তে ভূষিত করা হয়েছে।
ইত্তেফাক/এমআর