পীরগঞ্জে বই ব্যবসায়ীর ছাত্রসখা লাইব্রেরির মালিক চিত্ত রায়ে বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে। বুধবার দিবাগত রাত পৌনে ২টার দিকে উপজেলার দৌলতপুর গ্রামে তার বাড়িতে এ ঘটনা ঘটে।
গৃহকর্তা চিত্তের অভিযোগ, ৮/১০ জনের একদল ডাকাত বাড়ির মূল ফটকের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে ঘরের দরজা খুলে দিতে বলে। তারা ভয়ে দরজা না খুললে ডাকাতরা দরজা ধাক্কা-ধাক্কি করতে থাকে। এক পর্যায়ে দরজার সিটকানি ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। এসময় ডাকাতরা চিত্তের ছেলে নিশান অধিকারী ও ভাগিনা হিরাত চন্দ্র রায়কে মারপিট করে ঘরের জিনিসপত্র তছনছ করে নগদ ২৫ হাজার টাকা ও কয়েক ভড়ি ওজনের স্বর্ণালংকার হাতিয়ে নেয়। ডাকাতি চলাকালে চিত্ত কৌশলে ঘরের পেছন দরজা দিয়ে বের হয়ে প্রতিবেশীদের খবর দেন।
প্রতিবেশীরা এগিয়ে আসলে ডাকাত দল ২/৩ টি পটকা ফাটিয়ে এলাকায় আতংক সৃষ্টি করে পালিয়ে যায়। যাওয়া সময় গৃহকর্তা চাচা হরিপদ মাস্টারকেও মারপিট করে ডাকাতরা।
থানা পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পীরগঞ্জ থানা ওসি আমিরুজ্জামান ডাকাতির কথা স্বীকার করে জানান, বিষয়টি তারা খতিয়ে দেখছেন।
ইত্তেফাক/কেকে