২২ হাজারেও শোধ হয়নি পাঁচ হাজার টাকার ঋণ

 
লক্ষ্মীপুরের কমলনগরে বৃদ্ধের বয়স্ক ভাতা থেকে কৃষি ঋণের টাকা জোরপূর্বক আদায় করার অভিযোগ উঠেছে কৃষি ব্যাংক কর্মকর্তাদের বিরুদ্ধে। পাঁচ হাজার টাকার ঋণ পরিশোধের নামে গত আট বছরে বয়স্ক ভাতা থেকে ২২ হাজার টাকা কেটে নিলেও ঋণের বোঝা থেকে মুক্তি পাননি প্রাণ হরিদাস নামে এক বৃদ্ধ।
 
জোরপূর্বক ঋণের টাকা বয়স্ক ভাতা থেকে কেটে নেওয়ায় অভিযোগে গত মঙ্গলবার দুপুরে ওই বৃদ্ধ কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লার নিকট অভিযোগ করেন। প্রাণ হরিদাস কমলনগর উপজেলা চর কাদিরা ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের মৃত কামিনী কুমার দাসের ছেলে।
 
প্রাণ হরিদাস বলেন, '১৯৯৮ সালে আমার ছেলে মেঘনাথ দাস আমার অজান্তে পাঁচ হাজার টাকা ঋণ নেয়। ছেলে মৃত্যুবরণ করে পাঁচ বছর আগে। অথচ ব্যাংক ২০০৭ সাল থেকে বয়স্ক ভাতা থেকে ঋণ বাবদ সমুদয় টাকা কেটে নিচ্ছে। আট বছর ধরে ওই ঋণ পরিশোধের নামে বয়স্ক ভাতা উত্তোলনের দিন টাকা থেকে ঋণের টাকা কেটে নেয়। এভাবে ভাতা থেকে ২২ হাজার টাকা নিলেও আরও টাকা দাবী করছে ব্যাংক কর্মকর্তারা। বর্তমানে আমি অভাব-অসুখে ভুগছি।
  
এ ব্যাপারে কৃষি ব্যাংক তোরাবগঞ্জ শাখার ব্যবস্থাপক আবদুল কাইয়ুমের কাছে জানতে চাইলে তিনি বলেন, দুইবার তার নামে ঋণ নবায়ন করা হয়েছে, লোকবলের অভাবে মাঠে গিয়ে ঋণের টাকা আদায় সম্ভব হয়নি। এ সময় তিনি বয়স্ক ভাতা থেকে ঋণ পরিশোধে ২২ হাজার টাকা কেটে নেয়ার কথা স্বীকার করেন। আরও প্রায় দুই হাজার টাকা ব্যাংক পাওনা রয়েছে বলেও জানান।
 
কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান মোল্লা বলেন, 'বৃদ্ধের অভিযোগ পেয়ে ব্যাংক ব্যবস্থাপকের কাছে বিষয়টি জানতে চাওয়া হয়েছে।'
 
ইত্তেফাক/জামান