সুন্দর পৃথিবীর স্বপ্ন দেখাতে পারেন শিল্পীরাই :রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধ ও সাংস্কৃতিক চেতনায় গড়ে তুলতে হবে। জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাঙালির সংস্কৃতির ঐতিহ্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সে জন্য সংস্কৃতি চর্চা বাড়াতে হবে। গতকাল বৃহস্পতিবার শিল্পকলা একাডেমি আয়োজিত শিল্পকলা পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, সাম্প্রতিক সময়ে জঙ্গি ও সন্ত্রাসী কার্যক্রমের ঘটনা বিশ্ববাসীকে ভাবিয়ে তুলেছে। বস্তুত কোনো ধর্মই সন্ত্রাস ও জঙ্গিবাদ সমর্থন করে না। ভবিষ্যত্ প্রজন্মকে আধুনিক, প্রগতিশীল ও সৃজনশীল জাতি হিসেবে গড়ে তুলতে সাংস্কৃতিক কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আমরা সবাই আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর পৃথিবী রেখে যেতে চাই। আর সুন্দর পৃথিবীর স্বপ্ন একমাত্র শিল্পীরাই দেখাতে পারে। শিল্পীরাই পারে অসুন্দরের মধ্য থেকেও সুন্দরকে বের করে আনতে।

অনুষ্ঠানে ২০১৬ সালের পুরস্কারের জন্য মনোনীত সাতজনকে পদক দেন রাষ্ট্রপতি। পদকপ্রাপ্তরা হলেন- নৃত্যকলায় মো. গোলাম মোস্তফা খান, ফটোগ্রাফিতে গোলাম মুস্তাফা, চিত্রকলায় কালিদাস কর্মকার, কণ্ঠ সংগীতে মিতা হক, যন্ত্র সংগীতে পণ্ডিত পবিত্র মোহন দে, লোকসংস্কৃতিতে সিরাজ উদ্দিন খান পাঠান ও নাট্যকলায় সৈয়দ জামিল আহমেদ। পদকপ্রাপ্তদের সবাইকে এক লাখ টাকার চেক ও সনদ দেওয়া হয়। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. ইব্রাহীম হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর এবং স্বাগত বক্তব্য প্রদান করেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

ইত্তেফাক/নূহু