শিবালয়ে বাস-মাইক্রো সংঘর্ষে নিহত ১, আহত ৬

 
ঢাকা-আরিচা মহাসড়কের পাটুরিয়া ফেরি সংযোগ রাস্তার নবগ্রামে শুক্রবার বাস-মাইক্রোবাসের সংঘর্ষে একজন নিহত ও ছয়জন আহত হয়েছেন।
 
দুর্ঘটনায় মেহেরপুর গাংনির শরিফুলের পুত্র ইলিয়াস কাঞ্চন রনি (৩৫) ঘটনাস্থলেই প্রাণ হারান। তিনি পেশায় আইনজীবী। এছাড়া আহতরা হলেন, একই উপজেলার আমেরিকা প্রবাসী রুবেল (৪৫), স্ত্রী রিনা আক্তার (৩৩) কন্যা সাবিরা আক্তার (৮) ও আয়েশা আক্তার (৪) ও চালক রানা (৪০)।
 
আহতদের প্রাথমিকভাবে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়। তারা ঢাকা বিমান বন্দর থেকে বাড়িতে ফিরছিলেন।
 
শিবালয় থানার এসআই আব্দুল জলিল জানান, ঢাকামুখী সাকুরা পরিবহনের সাথে বিপরীতমুখী মাইক্রোবাসের সংঘর্ষে ঘটনাস্থলেই এক জন প্রাণ হারান। মরদেহ নিহতের পরিবারের নিকট হস্তান্তর, বাস ও মাইক্রোবাস জব্দ ও মামলা হয়েছে।
 
ইত্তেফাক/জামান