ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের ৩ দিন পর সন্ত্রাসীর লাশ উদ্ধার

 
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার একটি বিল থেকে ১৮ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী কামাল হোসেন জীবনের (৩৫) হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার  উপজেলার ধরখার ইউনিয়নের হাশিমপুর সেতু সংলগ্ন একটি বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত কামাল ব্রাহ্মণবাড়িয়া শহরের পূর্ব মেড্ডা এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।
 
নিহতের চাচা সফর আলী জানান, তিনদিন আগে কয়েকজন অজ্ঞাত ব্যক্তি কামালকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। এরপর থেকে তার কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না।
 
ধরখার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জিয়াউল হক জানান, দুপুরে হাশিমপুর সেতু সংলগ্ন একটি বিলের পাশে মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
 
তিনি আরো জানান, নিহতের হাত-পা বাঁধা অবস্থায় ছিল। তবে শরীরে কোনো আঘাতের চিহ্ন বুঝা যায়নি। ধারণা করা হচ্ছে দুই-তিনদিন আগে তাকে হত্যা করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
 
এ ব্যাপারে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন জানান, উদ্ধারকৃত লাশ সন্ত্রাসী কামালের আমরা জানতে পেরেছি। তার বিরুদ্ধে সদর মডেল থানায় মাদক, অস্ত্র, ডাকাতি ও চাঁদাবাজিসহ মোট ১৮টি মামলা রয়েছে।
 
ইত্তেফাক/এমআর