দ্বিতীয়বার ডাকাতি করতে গিয়ে আটক ৫ ডাকাত

ডাকাতি করে বাড়ি ফেরার পথে আবারও ডাকাতির চেষ্টাকালে সুনামগঞ্জের জামালগঞ্জে জেলেদের হাতে ৫ ডাকাত আটক হয়েছে। পরে এলাকাবাসী জামালগঞ্জ থানা পুলিশকে খবর দিলে ডাকাতদের আটক করে থানায় নিয়ে যায়। 
 
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার ভোরে সুনামগঞ্জের ধরমপাশা উপজেলাধীন হাওরপাড়ের কোন এক গ্রাম থেকে ডাকাতি করে বাড়ি ফেরার পথে জামালগঞ্জের হালির হাওরে মৎস্য ব্যবসায়ীর গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে নগদ টাকা লুট করে নিয়ে যাওয়ার সময় জেলেরা ডাকাতদের ধাওয়া করেন। ডাকাতরা জেলেদের ধাওয়া খেয়ে একটি নৌকা করে জামালগঞ্জ উত্তর ইউনিয়নের সদরকান্দির হাওর পাড়ের এক বাড়িতে এসে আশ্রয় নিতে চাইলে গ্রামবাসী তাদেরকে আটক করে। অপর নৌকাটি জেলেদের ধাওয়া ওয়া খেয়ে পালিয়ে যায়। গ্রামবাসী ডাকাতদের আটক করে স্থানীয় ইউপি সদস্য ও চেয়ারম্যানকে খবর দেয়। পরে স্থানীয় চেয়ারম্যান জামালগঞ্জ থানা পুলিশকে ডাকাত আটকের কথা জানালে থানা পুলিশ সদরকান্দি গ্রামে গিয়ে তাদেরকে আটক অবস্থায় ধারালো অস্ত্র, ইঞ্জিন চালিত নৌকা, ইঞ্জিন, ডাকাতির কিছু মালামালসহ ডাকাতির অন্যান্য উপকরণ জব্দ করে তাদেরকে থানায় নিয়ে যান।IMG0
 
আটককৃত ডাকাতরা হলেন- সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার পাইকুরহাটি ইউনিয়নের তানুড়া গ্রামের শামসুদ্দিন মিয়ার ছেলে মিলন মিয়া (২২), কিশোরগঞ্জ জেলার মিটামইন উপজেলার ঢাকী ইউনিয়নের মাহমুদপুর গ্রামের (স্থানীয় ভাবে কুলাকাইন্না পরিচিত) আজগর আলীর ছেলে মোখলেছ মিয়া (২৫), একই জায়গার রুসমত মিয়ার ছেলে জাহাঙ্গীর হোসেন (২৬), জামালগঞ্জের উত্তর কামলাবাজ গ্রামের মোতালিব মিয়ার ২ ছেলে লোকমান মিয়া (২৫) ও ইউনুছ মিয়া (৩০)। 
 
এ ব্যাপারে জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাশেম বলেন, ডাকাতি করে ফেরার পথে স্থানীয় জেলেরা ডাকাতদের ধাওয়া করে আটক করে আমাদের খবর দিলে আমরা তাদেরকে থানায় নিয়ে আসি। আটককৃত ডাকাতদের বিরুদ্ধে জামালগঞ্জ থানায় ইনছানপুরের হাবিবুর রহমান অভিযোগের প্রেক্ষিতে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
 
ইত্তেফাক/এমআই