পূর্বধলায় আধিপত্য বিস্তার নিয়ে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা, আহত ৫

 
নেত্রকোনার পূর্বধলা ডিগ্রী কলেজে ছাত্রলীগের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শনিবার সকালে ১০/১৫জন বহিরাগত সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে। এ ঘটনায় দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী শাকিল, রুমান, রাফিকসহ পাঁচজন আহত হয়েছেন।
 
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও সাধারণ শিক্ষার্থীদের মাঝে  আতঙ্ক বিরাজ করছে। সাধারণ শিক্ষার্থী ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকাল সাড়ে দশটার দিকে উপজেলা ছাত্রলীগের সভাপতি সারোয়ার হোসেন খোকন ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মণ্ডল মনির নেতৃত্বে ১০/১৫জন বহিরাগত আধিপত্য বিস্তার করতে কলেজ ক্যাম্পাসে প্রবেশ করেন। এসময় উপজেলা ছাত্রলীগ নেতা সুপথ চক্রবর্তী রিংকুর নেতৃত্বে কলেজ শাখার বেশ কয়েকজন ছাত্রলীগ নেতা তাদের বাধা দিলে বহিরাগতরা সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা চালায়। হামলায় ওই শিক্ষার্থীরা আহত হয়।
 
এ ব্যাপারে উপজেলা ছাত্রলীগ নেতা সুপথ চক্রবর্তী রিংকু জানান, উপজেলা ছাত্রলীগের সভাপতি সারোয়ার হোসেন খোকন ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মণ্ডল মনি বেশ কিছুদিন যাবত ফেসবুকে বর্তমান সরকারের উন্নয়ন বিরোধী অপপ্রচার ও সংগঠন বিরোধী কার্যকলাপ করে আসছিল। এরই প্রেক্ষিতে কলেজের ছাত্রলীগ নেতা-কর্মীরা তাদের পদত্যাগের দাবীতে শনিবার সকালে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছিল। সমাবেশ পণ্ড করতেই তারা হামলা চালায়।
 
এ ব্যাপারে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মণ্ডল মনি বলেন, কলেজে ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষে তারা কলেজ ক্যাম্পাসে গিয়ে ছিলেন। এ সময় দু'পক্ষের কথাকাটাকাটি হয়েছে মাত্র।
 
এ ব্যাপারে পূর্বধলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ শহীদুল্লাহ খান বলেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সারোয়ার হোসেন খোকন ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মণ্ডল মনির নেতৃত্বে ১০/১৫জন বহিরাগত শনিবার সকালে কলেজে প্রবেশ করে ছাত্র/ছাত্রীদের উপর হামলা চালায়। পরে তিনি পুলিশকে খবর দিলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
 
পূর্বধলা থানার ওসি অভিরঞ্জন দেব জানান, উপজেলা ছাত্রলীগের সভাপতি সারোয়ার হোসেন খোকন ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মণ্ডল মনির নেতৃত্বে ১০/১৫জন কলেজ ক্যাম্পাসে প্রবেশ করলে  দু'পক্ষে কথাকাটাকাটি ও হামলার খবর পেয়ে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।
 
ইত্তেফাক/জামান