রাজশাহী জেলা বিএনপি ও ছাত্রদলের উদ্যোগে সদস্য সংগ্রহ কার্যক্রম চলাকালে দুপক্ষের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন। শনিবার বিকেল ৫টার দিকে নগরীর তেরোখাদিয়া এলাকায় অবস্থিত সিটি কনভেসন সেন্টারে ছাত্রদলের দু'পক্ষের মধ্যে এই ঘটনা ঘটে।
সাবেক এমপি নাদিম মোস্তফা গ্রুপ এবং নতুন কমিটির সভাপতি তোফাজ্জল হোসেন তপু গ্রুপ সমর্থিত ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। এছাড়া অনুষ্ঠানের ভিতরে কয়েকটি চেয়ারও ভাঙচুর করা হয়েছে। পরে বিএনপির নেতাকর্মীরা এগিয়ে এসে পরিস্থিতি শান্ত করেন। সদস্য সংগ্রহ কার্যক্রম অনুষ্ঠানে জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ডিকোকে বক্তব্য দিতে না দেয়ায় তার অনুসারীরা চিৎকার শুরু করে। এ সময় অন্যেরা তাদের থামাতে গেলে দু'পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক এমপি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন। প্রধান বক্তা ছিলেন রাজশাহী অঞ্চলের সহ সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন শওকত খালেক। বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা সাইফুল ইসলাম মার্শাল। সভাপতিত্ব করেন রাজশাহী জেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন তপু।
ইত্তেফাক/জামান