অভয়নগরে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

যশোর অভয়নগর উপজেলার সিদ্দিপাশা থেকে অজ্ঞাতনামা যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।
 
শনিবার সকালে উপজেলার সিদ্দিপাশা ইউনিয়নের নাউলী স্লুইস গেটের পাশ থেকে স্থানীয় সোনাতলা ক্যাম্প পুলিশের সদস্যরা যুবকের লাশ উদ্ধার করে। এ সময় লাশের পাশ থেকে পরিত্যক্ত একটি দেশি পাইপগান, ২ রাউন্ড গুলির খোঁসা ও ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
 
এদিকে পরিচয় উদঘাটন করতে লাশটি দিনভর স্থানীয় ক্যাম্পে রাখলেও বিকেলে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।
 
এলাকাবাসী ও পুলিশের ভাষ্য মতে, শনিবার সকালে উপজেলার সিদ্দিপাশা ইউনিয়নের নাউলী স্লুইস গেটের পাশে একটি লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী স্থানীয় সোনাতলা পুলিশ ক্যাম্পে খবর দেয়। এ ক্যাম্পর এসআই গোলাম মর্তুজা লাশ উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসেন। পরে লাশের পরিচয় জানতে অভয়নগর থানার মাধ্যমে বিভিন্ন পুলিশ স্টেশনে মেসেজ দেয়া হয়। কিন্তু বিকাল পর্যন্ত কোন খবর না পেয়ে লাশটি যশোর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।
 
 
ইত্তেফাক/ইউবি