বিএনপি মুখের বিষ দিয়ে রাজনৈতিক পরিবেশটাকে বিষাক্ত করছে : সেতুমন্ত্রী

বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি লেবেল প্লেয়িং ফিল্ড চায়, অন্যদিকে নিজেরাই রাজনৈতিক পরিবেশটাকে বিষাক্ত করছে তাদের মুখের বিষ দিয়ে।

তিনি বলেন, ‘বেগম জিয়া বিদেশ গেলেন তাহলে কী তিনি ফিরে আসবেন না- এটা ব্যক্তিগত আক্রমণ না, এটা রাজনৈতিক বক্তব্য। এখন পালিয়ে যাওয়ার কথা তিনি বলছেন, বিএনপির নাকি পালিয়ে যাওয়ার রেকর্ড নেই। অথচ বাংলাদেশের মানুষ জানে পালিয়ে যাওয়ার রেকর্ড রাজনীতিতে এদেশে কেবল বিএনপিরই আছে।’

শনিবার দুপুুরে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনা সেতুর টোল প্লাজায় এনআরবি ব্যাংকের সহায়তায় ‘ডিজিটাল টাচ এন্ড গো’ পদ্ধতিতে যানবাহন থেকে টোল আদায় কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন সড়ক বিভাগের সচিব এম এ এন সিদ্দিক, সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলী ইবনে আলম হাসান, অতিরিক্ত সচিব ফারুক জলিল, হাইওয়ে পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি আতিকুল ইসলাম প্রমুখ।

মন্ত্রী ওবায়দুল কাদের আরো বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিদেশ গমন নিয়ে ফেসবুক, ট্ইুটারে ভাইরাল হয়েছে তিনি দেশে আসবেন কি না। তিনি আসবেন কী আসবেন না, অনেক ইউজার সেখানে মন্তব্য করেছেন তিনি মামলার ভয়ে চলে গেছেন। এটা নিয়ে জনমনে সন্দেহ  হয়েছে।

বাস্তবতাটা যদি তারা প্রমাণ করতে পারেন, তাহলে তো এই প্রসঙ্গ থাকলো না। তিনি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের বিষয়ে বলেন, তিনি ভিত্তিহীন কিছু বিষয়ে কথা বলে ব্যক্তিগত আক্রমণ টেনে এনেছেন। এটা তার জায়গা থেকে অত্যন্ত  অশোভন।

এ সময় বরিশালের উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) ব্যাপারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, এ ব্যাপারে প্রশাসন ব্যবস্থা নেবে। স্থানীয় আওয়ামী লীগ নেতা আইনজীবী ওবায়েদ উল্লাহ সাজুকে কারন দর্শানোর জন্য ১৫ দিনের সময় দেয়া হয়েছে। এর মধ্যে তিনি উপযুক্ত জবাব দিতে ব্যর্থ হলে তাকে চূড়ান্তভাবে বহিস্কার করা হবে।

দেশে এই প্রথমবারের মতো টাচ এন্ড গো পদ্ধতিতে টোল আদায়ের সিস্টেম চালু করা হয়েছে। এই পদ্ধতি ব্যবহারের ফলে মহাসড়কে যানজটসহ বাড়তি ঝামেলা ও সব ধরণের জটিলতার সমাধান হবে।

ইত্তেফাক/নূহু