গাজীপুর জজ আদালতের সেরেস্তাদার (প্রধান তুলনাকারী) আব্দুর রহিমকে অপহরণের অভিযোগে জয়দেবপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে জয়দেবপুর থানায় মামলাটি দায়ের করেন অপহৃত আব্দুর রহিমের মেয়ে রোমানা আইরিন।
এজাহার ও আব্দুর রহিমের সহকর্মী শাহীন আলম জানান, শনিবার গাজীপুর জেলা জজ আদালতের নিয়োগ পরীক্ষার দায়িত্ব পালন শেষে আব্দুর রহিম বিকাল ৫টার দিকে অফিস ত্যাগ করে বাসায় ফিরছিলেন। পথে অজ্ঞাত ব্যক্তিরা তাকে অপরহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।
পরে রাত সাতটার দিকে আব্দুর রহিমের ব্যবহৃত মোবাইল থেকে ফোন করে তিনি নিজেই তার বিপদের কথা সহকর্মী শাহীন আলমকে জানান। অপহরণকারীরা তাকে মারধর করে এবং মুক্তিপণ বাবদ এক লাখ টাকা দাবি করে। পরে অপহরণকারীরা তাদেরকে ৬টি মোবাইল নম্বর প্রদান করে। এতে ১০ হাজার টাকা করে ৬টি মোবাইল নম্বরে ৬০ হাজার টাকা পাঠানো হয়। তার পরও অপহরণকারীরা আব্দুর রহিমকে না ছেড়ে রাত সাড়ে ১১টায় তার স্ত্রীর মোবাইলে ফোন করে অপহরণকারীরা তাকে জানায় তার স্বামী আব্দুর রহিম তাদের নিকট আটক আছেন। তাকে ছাড়াইতে হলে মুক্তিপণ বাবদ ৫ লাখ টাকা দাবি করে। অন্যথায় তাকে হত্যা করে লাশ গুম করার হুমকি দেয়। এর পর থেকে আব্দুর রহিমের ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ রয়েছে।
এ ব্যাপারে জয়দেবপুর থানার ওসি (তদন্ত) মো. মাহমুদুল হাসান জানান, অপহৃতকে উদ্ধার এবং অপহরণকারীদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম অভিযান পরিচালনা করছে।
ইত্তেফাক/কেকে