ঝিনাইদহে হোমিও চিকিৎসক হত্যায় ছোরা-মোটরসাইকেল উদ্ধার

ঝিনাইদহে ধর্মান্তরিত হোমিও চিকিৎসক খাজা ছমির উদ্দিন হত্যাকাণ্ডে জঙ্গিদের ব্যবহৃত ছোরা ও মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার সকালে সদর উপজেলার ডেফলবাড়ীয়া গ্রামের একটি পুকুর থেকে ছোরা ও মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
 
ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, ২০১৬ সালের ৭ জানুয়ারি দুপুরে সদর উপজেলার বেলেখাল বাজারে খ্রিস্টান ধর্মে দীক্ষিত হোমিও চিকিৎসক খাজা ছমির উদ্দিনকে তার চেম্বারে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
 
হত্যাকাণ্ড শেষে ঘাতকরা মোটরসাইকেল যোগে পালিয়ে যাওয়ার সময় ডেফলবাড়িয়া গ্রামের মাঠের মধ্যে একটি পুকুরে মোটরসাইকেল ও ছোরা ফেলে যায়। এ ঘটনায় নিহতের ছেলে মনির উদ্দিন বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করে একটি মামলা দায়ের করেন।
 
পুলিশ পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলী হত্যা মামলায় ঝিনাইদহ পৌর সভার ২ নম্বর ওয়ার্ড শিবিরের সম্পাদক এনামুল হককে গ্রেপ্তার করে। তিনি আদালতে আনন্দ গোপাল গাঙ্গুলীকে হত্যার দায়িত্ব স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দী দেন। গত বছরের ৭ জুন জঙ্গ্রিা সদর উপজেলার করাতিপাড়া গ্রামের বাড়ি থেকে মোটরসাইকেল যোগে নলডাঙ্গা মন্দিরে পূজা করতে যাচ্ছিলেন পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলী। পথিমধ্যে তাকে কুপিয়ে হত্যার পর জঙ্গিরা পালিয়ে যায়। এনামুল জেলে আটক ছিলেন। তাকে রিমান্ডে নিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করে। তিনি খাজা ছমির উদ্দিন হত্যার ঘটনায় জড়িত থাকার কথাও স্বীকার করেন। তার  দেখানো স্থান থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছোরা ও মোটরসাইকেল উদ্ধার করা হয় বলে ওসি আরও জানান।
 
ইত্তেফাক/এমআই