গুলেন ব্যারি সিনড্রোমে আক্রান্ত ফয়সাল আবার পড়তে চায়

রোগের নাম 'গুলেন ব্যারি সিনড্রোম'; সংক্ষেপে 'জিবিএস' রোগ নামে প্রচলিত। এই রোগটি খুব পরিচিত না হলেও বাংলাদেশে এর প্রাদুর্ভাব আছে। এই রোগ আক্রান্ত হয়ে এখন শয্যাশায়ী নারায়ণগঞ্জের কলেজ ছাত্র মো. ফয়সাল আহমেদ। ফয়সাল স্থানীয় হাজী মিছির আলী ডিগ্রি কলেজের শিক্ষার্থী।
 
ফয়সাল বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ এর ৫নং বেডে চিকিৎসাধীন আছে। চিকিৎসকদের উদ্ধৃতি দিয়ে তার স্বজনরা বলেছেন, ফয়সালকে সুস্থ করতে প্রায় ১০ লাখ টাকার প্রয়োজন। দিনমজুর পিতার পক্ষে তার চিকিৎসার জন্য এতো টাকা জোগাড় করা সম্ভব হচ্ছে না। তাই সমাজের সকল স্তরের মানুষ এবং বিত্তবানদের কাছে সাহায্যের জন্য আবেদন করছেন তিনি।
 
'গুলেন ব্যারি সিনড্রোম' এর মূল কারণ জীবাণু হলেও প্রকৃতপক্ষে জীবাণু-প্রতিরোধী ইমিউন সিস্টেমের অস্বাভাবিক আচরণের ফলে এই রোগের সৃষ্টি হয়।  এই রোগ হলে দেহের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ থেকে শুরু করে সারা শরীরে দুর্বলতা দেখা দিতে পারে এবং একপর্যায়ে হাতের আঙুল নড়াচড়ার সামর্থ্যও হারিয়ে যায়। টানা বছরখানেকের বেশি চিকিৎসায় রোগী আরোগ্য লাভ করে। তবে কিছু ক্ষেত্রে দুর্বলতা সারাজীবন থেকে যায়। এমনকী ৫ থেকে ৬ শতাংশ ক্ষেত্রে রোগী মারা যায়।
 
হৃদয়বান মানুষ যদি ফয়সালের পাশে দাঁড়ান তবে আবারও কলেজে যেতে পারবে এই তরুণ। পড়াশোনা করে বাবা-মায়ের দুঃখ ঘুচাতে পারবে।
 
সাহায্য পাঠানোর ঠিকানা: মুহাম্মদ মিনহাজুল আবেদীন, সঞ্চয়ী হিসাব নং- ১০৫১০১১৪৯০২২,  ডাচ বাংলা ব্যাংক লিমিটেড: বৈদেশিক বাণিজ্যিক শাখা, মতিঝিল, ঢাকা।  মোবাইল নম্বর: আবুল কালাম ০১৮২৩৫০৭৭৩০, বিকাশ নম্বরঃ ০১৬৭০৫০১১১৭ (ব্যক্তিগত)
 
 
ইত্তেফাক/ইউবি