জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান ডিপ্লোমা কোর্সের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের পরীক্ষা যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী, হাইকোর্ট ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের হস্তক্ষেপ কামনায় এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার জাতীয় প্রেসক্লাবে মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ ডিপ্লোমা লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স শিক্ষার্থী ফোরাম।
মানববন্ধনে বক্তারা বলেন, ডিপ্লোমা কোর্সের অধিকাংশ শিক্ষার্থীই গরিব পরিবারের সন্তান এবং বিভিন্ন প্রতিষ্ঠানে অস্থায়ী ভিত্তিতে নিয়োগপ্রাপ্ত। তাদের চাকরি স্থায়ীকরণ নির্ভর করে গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান ডিপ্লোমা কোর্স সনদের উপর। ফলে আজ হাজার হাজার অস্থায়ী ভিত্তিতে চাকরিরত শিক্ষার্থীদের চাকরি সংকটাপন্ন। অনেকেরই চাকরীর বয়স শেষ হয়ে যাচ্ছে। এ অবস্থায় তারা জীবন মরণ সন্ধিক্ষণে উপনীত হয়ে রাস্তায় নামতে বাধ্য হয়েছে।
বক্তারা আরো বলেন, আমাদের আন্দোলন বিশ্ববিদ্যালয় ও সরকারের বিরুদ্ধে নয়। বরং বিশ্ববিদ্যালয় ও সরকারের কাছে আমাদের দাবি, অচিরেই পরীক্ষার ব্যবস্থা করে শিক্ষা জীবন ও চাকরি বাঁচান। এ ব্যাপারে তারা প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী, হাইকোর্ট ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সুদৃষ্টি কামনা করেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, লাইব্রেরি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ল্যাব) এর মহাসচিব ড. মিজানুর রহমান, আহ্বায়ক কমিটির আহ্বায়ক মো. জুনাইদ, সদস্য সচিব মো. নুরুল আলম, প্রচার সম্পাদক মো. আব্দুল্লাহ আল মামুন, সহ প্রচার সম্পাদক মাহবুব আলমসহ অন্যান্য সদস্যবৃন্দ। মানববন্ধন শেষে হাইকোর্ট, কার্জন হল, দোয়েল চত্তর ও বাংলা একাডেমি প্রদক্ষিণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এসে তাদের কর্মসূচি শেষ হয়।
ইত্তেফাক/এএম।