শিকল থেকে মুক্ত শামীম

 
মুক্ত করে দেয়া হলো তিন মাস ধরে শিকল বাঁধা শিশু নূর মোহাম্মদ শামীমকে (১৪)। রবিবার মাগুরা সদরের আঠারখাদা গ্রাম থেকে তাকে মুক্ত করে দেন মাগুরা সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আশাফুর রহমান।
 
ইউএনও আশাফুর রহমান বলেন, 'ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য ওই এলাকায় গেলে এলাকাবাসীর কাছে শিকল বাঁধা শিশুটির খবর পেয়ে আমরা ওই গ্রামের সাকা মণ্ডলের বাড়িতে যাই। সেখানে শামীমকে দেখে দ্রুত তার পায়ের শিকলের তালা খুলে দেয়ার নির্দেশ দিই। কিন্তু বাড়িতে তখন কেউ না থাকায় আমরা তালা ভেঙে শিশুটিকে উদ্ধার করি।
 
পরিবারের সদস্যদের ভাষ্যমতে শিশুটি মানসিকভাবে অসুস্থ। তার বাবা উজ্জ্বল মণ্ডল কয়েক বছর আগে মারা গেছেন। মা অন্যত্র বিয়ে করে চলে গেছে। সে বৃদ্ধ দাদা সাকা মণ্ডলের কাছে থাকে। মাঝে মাঝে এদিক ওদিক চলে যায় বিধায় তাকে এভাবে তালাবন্ধ করে রাখা হয়েছে বলে পরিবারের সদস্যরা জানান। তবে শিশুটি জানায়, সে মাঝে মধ্যে নানা বাড়িতে বেড়াতে যায়। এ ব্যাপারে স্থানীয় স্কুলের প্রধান শিক্ষক, সমাজ সেবা অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় নেতৃবৃন্দকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার অন্য অনুরোধ জানানো হয়েছে।
 
ইত্তেফাক/জামান