কুমিল্লার চৌদ্দগ্রামে খালের পানিতে ডুবে জেলা বিএনপি নেতা আরিফুর রহমান (৭০) সহ দুইজন মারা গেছেন। রবিবার দুপুরের দিকে উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের ফেলনা গ্রামের খালে এ ঘটনা ঘটে।
নিহত আরিফুর রহমান হলেন- কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি নেতা এবং চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। এছাড়া নিহত মানিক হোসেন (৪২) মুন্সিরহাট ইউনিয়নের ফেলনা গ্রামের আবদুর রশিদের ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। এরমধ্যে আহত একই গ্রামের জাকির হোসেনকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী আবদুল আউয়ালসহ একাধিক ব্যক্তি জানান, আরিফুর রহমান তিন শ্রমিক নিয়ে বাড়ির পার্শ্ববর্তী জমিতে কচুরিপানা পরিষ্কার করতে যান। কাজ শেষে বাড়ি ফেরার পথে তিনি শ্রমিকদের নিয়ে সাঁতার দিয়ে খাল পারাপার হচ্ছিলেন। এসময় শ্রমিক মানিক হোসেন খালের মাঝখানে এসে বলে 'আমি মরে যাচ্ছি'। চিৎকার শুনে আরিফুর রহমান তাকে উদ্ধার করতে যান। পরে তিনিও একই অবস্থায় বলেন 'আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও'। এ ধরণের চিৎকার শুনে তাৎক্ষণিকভাবে আশপাশের লোকজন এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করে তাদেরকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার ওসি (তদন্ত) শুভ রঞ্জন চাকমা জানান, ওই স্থানে গভীর পানি ছিল। বয়স্ক লোক হওয়ায় পারাপারের সময় একজন ওই পানিতে ডুবে যায় এবং তাকে বাঁচাতে গিয়ে অপরজনও ডুবে এ মৃত্যুর ঘটনা ঘটেছে।
ইত্তেফাক/জামান