মেলান্দহে কর্মসৃজনের টাকা না পেয়ে শ্রমিকদের বিক্ষোভ

জামালপুরের মেলান্দহে হতদরিদ্রদের কর্মসৃজন কর্মসূচির অর্থ না পেয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বিক্ষুব্ধ শ্রমিকরা। জানা গেছে, কুলিয়া ইউনিয়নের ৪টি প্রকল্পের বিপরীতে চলতি অর্থ বছরে হতদরিদ্র ২৯৫ শ্রমিকদের জন্য দৈনিক ২০০ টাকা হারে ১০০ দিনের সর্বমোট ২৩ লাখ ৬০ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়। নিয়মানুযায়ী একই প্রকল্পের ১০ শতাংশ ননওয়েজ কস্টসহ সর্বমোট ২৫ লাখ ৮৮ হাজার ৯শ’ ১৪ টাকা অতিরিক্ত বরাদ্দ দেয়া হয়। প্রকল্পের স্বচ্ছতা এবং প্রকৃত হতদরিদ্র শ্রমিকদের টাকা প্রাপ্তি নিশ্চিত করতে ব্যাংক একাউন্টের মাধ্যমে মজুরি প্রদানের নিয়ম। সেই হিসেবে দুরমুঠ রূপালী ব্যাংকে শ্রমিকদের নামে একাউন্ট করা হয় ভুয়া ও ভিআইপি শ্রমিকদের নামে। শ্রমিকদের অভিযোগ প্রথম কিস্তির টাকা উত্তোলন করা হয় শ্রমিক ছাড়াই। দ্বিতীয় কিস্তির টাকা উত্তোলনের পাঁয়তারা চলছে। প্রথম কিস্তির টাকাও শ্রমিকরা পায়নি। কোন শ্রমিকের নামে ব্যাংক একাউন্ট আছে তাও গোপন রাখা হয়েছে।

এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান আঃ সালাম, পিআইও আঃ রাজ্জাকের মোবাইল ফোনে যোগাযোগ করেও তাদের পাওয়া যায়নি।

ইউএনও জন কেনেডি জাম্বিল জানান, শ্রমিক বিক্ষোভের বিষয়ে আমি কিছু জানি না। ব্যাংক ম্যানেজার জহুরুল ইসলাম শ্রমিক বিক্ষোভের কথা নিশ্চিত করলেও শ্রমিক ছাড়া টাকা প্রদানের বিষয়টি এড়িয়ে যান।

ইত্তেফাক/নূহু