ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ঢাকার সাত কলেজের চলমান পরিস্থিতি নিয়ে কথা বলতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে কলেজগুলোর শিক্ষার্থী প্রতিনিধি পরিচয় দিয়ে দেখা করা নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য পাওয়া যাচ্ছে।
উপাচার্যের কার্যালয় সূত্রে জানা যায়, রবিবার বিকালে উপাচার্যের কার্যালয়ে এক দল শিক্ষার্থী আসে। তারা সাত কলেজের প্রতিনিধি পরিচয় দিয়ে উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করতে চায়। উপাচার্য তার কার্যালয়ে তাদের সঙ্গে কথা বলেন। এ দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন, তারা এ বিষয়ে কিছু জানেন না।
এ বিষয়ে উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, অধিভুক্ত কলেজগুলোর একদল ছাত্র প্রতিনিধি এসেছিল। তারা তাদের দাবি-দাওয়ার বিষয়গুলো বিস্তারিত বলেছে। তাদের সঙ্গে বিভিন্ন শিক্ষা বর্ষের পরীক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে কথা হয়। প্রতিনিধি দলে আন্দোলনরত শিক্ষার্থীদের কেউ ছিল না এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি বলেন, যারা এ অভিযোগ করছেন তারা আসতেও পারেন।
শাহবাগের আন্দোলন ও কলেজের বিক্ষোভে অংশ নেওয়া ঢাকা কলেজের হিসাবজ্ঞািন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আব্দুর রহমান বলেন, সন্ধ্যায় জানতে পেরেছি যে সাত কলেজের প্রতিনিধির পরিচয় দিয়ে কে বা কারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেছে। কিন্তু আমরা কাউকে খুঁজে পাচ্ছি না। আমরা যারা আন্দোলন চালিয়ে যাচ্ছি তাদের কেউ এ প্রতিনিধি দলে ছিল না।
ঢাকা কলেজের শিক্ষার্থী শাহিন হোসেন বলেন, সাধারণ ছাত্র-ছাত্রীদের প্রকৃত দাবি দাওয়া এড়িয়ে যেতে কলেজের অধ্যক্ষরা তাদের পছন্দ অনুযায়ী প্রতিনিধি দল পাঠিয়েছে।
এ দিকে, অনেক চেষ্টা করেও উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করা প্রতিনিধি দলের কাউকে খুঁজে পায়নি বলে জানান আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা।
ইত্তেফাক/কেকে