মুক্তিপণের দাবিতে গাজীপুর জেলা জজ আদালতের অপহৃত সেরেস্তাদার আব্দুর রহিমকে রবিবার মধ্যরাতে টঙ্গী এলাকা থেকে উদ্ধার করেছে জয়দেবপুর থানার পুলিশ।
গাজীপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাখাওয়াত হোসেন জানান, গাজীপুর জেলা জজ আদালতের অপহৃত সেরেস্তাদার আব্দুর রহিমের মুক্তিপণের টাকা নিতে গিয়ে ঢাকা থেকে রবিবার বিকালে এক নারীকে আটক করে পুলিশ। তার নাম শাহনাজ বেগম (৩২)। তিনি ঢাকার শ্যামপুরের রসুলপুর এলাকার অহিদুজ্জামানের স্ত্রী।
পরে তার দেয়া তথ্যমতে রবিবার রাতে উত্তরার একটি বাসায় অভিযান চালানো হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা ভিক্টিমকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। পরে পুলিশ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে অপহরণকারীদের গাড়ি অনুসরন করতে থাকে এবং গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গী এলাকা পর্যন্ত যায়। এক পর্যায়ে অপহরণকারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে ভিক্টিমবহনকারী গাড়িটি টঙ্গীর স্টেশনরোড এলাকায় ফেলে রেখে পালিয়ে যায়। পরে সেখান থেকে পুলিশ অপহৃত সেরেস্তাদার আব্দুর রহিমকে উদ্ধার করে।
তিনি আরো জানান, গ্রেফতারকৃত নারীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অপহরণের সঙ্গে জড়িত পুরো দলটিকে গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছে।
ইত্তেফাক/কেকে