গোপালগঞ্জে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ

গোপালগঞ্জে জমি জমা সংক্রান্ত মামলা নিয়ে মাহাবুব কাজী (৫০) নামে এক স্ট্যাম্প ভাণ্ডারকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল রবিবার রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।মাহাবুব কাজী গোপালগঞ্জ শহরের পাবলিক হল রোডের বাসিন্দা ছিলেন।
 
মাহাবুব কাজীর স্ত্রী রাবেয়া বেগম তাপসী বলেন, আমার স্বামীর গ্রামেরবাড়ি সদর উপজেলার আড়পাড়া গ্রামে। পার্শ্ববর্তী হরিদাসপুর গ্রামে আমার স্বামীর দেড় একর পৈতৃক জমি রয়েছে। এ জমি হরিদাসপুর গ্রামের নয়ন শেখ  দুবছর আগে দখল করে নেয়। এ ব্যাপারে আমার স্বামী বাদী হয়ে গোপালগঞ্জ আদালতে মামলা দায়ের করেন। ২৪ জুলাই ওই মামলার শুনানির দিন ধার্য ছিলো। ওই তারিখের আগেই আমার স্বামীকে হত্যার হুমকি দেয়া হয়।
 
তিনি আরো বলেন, নয়ন শেখ বখাটে আকাশ সহ আরো কয়েকজনকে দিয়ে আমার স্বামীকে হুমকি ধমকি দিতো। আকাশ আমাদের পরিবারের সদস্যদেরও রাস্তাঘাটে হয়রানি করত। গত ১৫ জুলাই বাসা থেকে বের হওয়ার সময় বাসার সমনেই আকাশ সহ ৩/৪ জন তাকে কুপিয়ে পালিয়ে যায়।এরপর প্রথম তাকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে পরের দিন তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাতে তিনি মার যান।
 
গোপালগঞ্জ সদর থানার ওসি মোঃ সেলিম রেজা বলেন, হামলাকারী আকাশ বখাটে প্রকৃতির। কি ঘটনাকে কেন্দ্র করে সে মাহাবুব কাজীকে কুপিয়েছে তা আমার জানা নেই। মাহাবুব কাজীর পরিবারের পক্ষ থেকে এখনো  থানায় কোন অভিযোগ দেয়া হয়নি। অভিযোগ পেলেই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
 
ইত্তেফাক/এমআর