মুরাদনগরে ১৬কেজি গাজাঁসহ আটক চার

 
কুমিল্লা মুরাদনগর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ১৬কেজি গাজাঁসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। রবিবার রাতে ৮টার দিকে উপজেলার মুরাদনগর-হোমনা সড়কের নাগেরকান্দি চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে গাজাসহ আটক করে মুরাদনগর থানা পুলিশ।
 
আটককৃত মাদক ব্যবসায়ীরা হলো জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার ধেউস গ্রামের দুলাল মিয়ার ছেলে শাওন(১৮), উপজেলার কামাল্লা গ্রামের মৃত আবুল হাসেমের ছেলে মোশারফ হোসেন(২৮), হোমনা উপজেলার চিনাই গ্রামের আবদুল জলিলের ছেলে এমরান(২৫) ও চট্টগ্রাম জেলার বুজপুর থানার কুমারিয়া গ্রামের মোঃ লিটন মিয়ার ছেলে ওসমান গনি(১৮)।
 
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার মুরাদনগর-হোমনা সড়ক একটি মাদকের চালান যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে  নাগেরকান্দি এলাকায় রবিবার রাতে মুরাদনগর থানার পুলিশ উপ-পরিদর্শক (এসআই) মোঃ জালাল উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাসি চালিয়ে ১৬কেজি গাজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করে।
 
এ বিষয়ে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম বদিউজ্জামান জানান, আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার দুপুরে আটককৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কুমিল্লা জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।
 
ইত্তেফাক/এমআর