জেলার তাড়াশে আবাদি জমি ক্রয় সংক্রান্ত বিরোধের জের ধরে মো. খোরশেদ আলী খুশিকে (৫৩) পিটিয়ে হত্যা করা হয়েছে। সোমবার নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে তাড়াশ থানা পুলিশ। নিহত খোরশেদ তালম ইউনিয়নের গোন্তা গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে।
নিহতের পারিবারিক সূত্র ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, খোরশেদ আলীর বাড়ির পাশের ১৮ শতক জমি গোন্তা গ্রামের আবুল হোসেনের ছেলে প্রভাষক আব্দুল আজিজ ইজারা নিয়ে কয়েক বছর ধরে ইরি-বোরো ধানের আবাদ করে আসছিল। সম্প্রতি জমির মালিক ওই জমি খোরশেদের কাছে বিক্রি করে দেয়। পরে সোমবার সকাল আনুমানিক ১১টার সময় খোরশেদ ওই জমিতে আইল দিতে গেলে প্রভাষক আব্দুল আজিজ তাকে লাঠি-পেটা করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তাড়াশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/এমআর