২০১৭ সালে জার্মান বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন বায়ার্ন মিউনিখের সাবেক অধিনায়ক ফিলিপ লাম। গত মে মাসে অষ্টমবারের মত বায়ার্ন মিউনিখের হয়ে বুন্দেসলিগা শিরোপা জেতার পরে লাম অবসরের ঘোষা দেন।
২০০২ থেকে ২০১৭ সাল পর্যন্ত বায়ার্ন মিউনিখের হয়ে খেলেছেন এই জার্মান সাবেক অধিনায়ক। মাঝে অবশ্য ২০০৩-০৫ পর্যন্ত ধারে খেলেছেন স্টুটগার্টে। এই সময়ে মধ্যে বায়ার্নের হয়ে ৩৩২ ম্যাচে করেছেন ১২ গোল। ১৩ বছরের দীর্ঘ ক্যারিয়ারে বায়ার্ন মিউনিখকে উপহার দিয়েছেন ছয়টি ডিএফবি-পোকাল শিরোপা ও একটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা। ২০১৪ সালে খেলেছেন জার্মানির জার্সি গায়ে শেষ বিশ্বকাপ।
তারকা এই ডিফেন্ডার অবসরের পরেই বায়ার্নের হল অব ফেমে জায়গা করে নিয়েছেন। গত মৌসুমে ক্লাবকে আরেকটি লীগ শিরোপা উপহার দেবার পুরস্কার হিসেবেই তিনি বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন। এই পুরস্কারের জন্য জার্মান ক্রীড়া সাংবাদিকরা লামকে একচেটিয়া ভোট দিয়ে মনোনীত করেছেন। এই তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন যথাক্রমে রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার টনি ক্রুস ও বরুসিয়ার ডর্টমুন্ডের হয়ে ৩১ গোল করে লিগের সর্বোচ্চ গোলদাতার কৃতিত্ব অর্জন করা পিয়েরে-এমেরিক-অবামেয়াং।
প্রথমবারের মত জার্মান বর্ষসেরা ফুটবলার হিসেবে লাম এই বছর তার বায়ার্ন সতীর্থ জেরম বোয়াটেংয়ের স্থলাভিষিক্ত হয়েছেন। এর আগে তিনি এই ভোট প্রক্রিয়ায় দ্বিতীয় ও তৃতীয় স্থান লাভ করেছিলেন। মর্যাদাকর এই পুরস্কারের জন্য মনোনীত হয়ে লাম বলেন, ‘এটা আমার জন্য অনেক বড় একটি প্রাপ্তি। আমি সত্যিকার অর্থেই দারুন কৃতজ্ঞ। আমি মনে করি যে সমস্ত সাংবাদিক আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন তারা আমার পুরো ক্যারিয়ারটাই প্রত্যক্ষ করেছেন। ইতিহাস ঘাটলে দেখা যাবে বর্ষসেরা ফুটবলার হিসেবে খুব কম ডিফেন্ডারই এই কৃতিত্ব অর্জন করেছেন। এই পুরস্কার প্রাপ্তিতে সাধারণত ফরোয়ার্ডরাই এগিয়ে থাকেন। গোল.কম।
ইত্তেফাক/সাব্বির