অফিস যেতে নৌকা কিনল কর কর্মকর্তারা

সামান্য বৃষ্টিতে চট্টগ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়। সড়কে জমে যায় হাটু থেকে গলা সমান পানি। এতে চরম দুর্ভোগে পড়েন নগরবাসী। 
 
তাই বৃষ্টির সময় ডুবে যাওয়া সড়কে চলাচল করতে নৌকা কিনেছে চট্টগ্রাম কর অঞ্চল-৪ কর্তৃপক্ষ। এ কর অঞ্চলের কর্মকর্তা-কর্মচারীদের অফিসে যাতাযাতের জন্য এ ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ। আগ্রাবাদ সিডিএ-১ নম্বর সড়কে কর অঞ্চল-৪ এর কার্যালয়।  নৌকা কেনার বিষয়টি নিশ্চিত করেছেন কর অঞ্চল-৪ এর কমিশনার আহমেদ উল্লাহ।
 
এদিকে চট্টগ্রাম অঞ্চলে সোমবার বিকেল ৩টা পর্যন্ত গত চব্বিশ ঘণ্টায় ২০০ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানান পতেঙ্গা আবহাওয়া অফিসের কর্মকর্তা সৈয়দা মিমি পারভিন।
 
তিনি জানান, প্রবল মৌসুমী বায়ুপ্রবাহের কারণে মঙ্গলবারও ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে চট্টগ্রামের পাহাড়ি এলাকায় পাহাড়ধসের আশঙ্কা রয়েছে।
 
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের একটি সূত্র জানায়, প্রবল বর্ষণের কারণে বিমান বন্দরে বিভিন্ন ফ্লাইটের সিডিউলে ব্যাপক হেরফের ঘটে। বিমান চলাচল ব্যাহত হয়।
 
ইত্তেফাক/ইউবি