রাজধানীর পল্টনে পল্টন মডেল থানার উল্টো পাশে গলিতে একটি প্রতিষ্ঠানে রবিউল ইসলাম (৩২) নামে এক যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে।
সোমবার বিকালে প্রকাশ্যে এ হত্যার ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল থেকে রক্তমাখা একটি হাতুড়ি উদ্ধার করেছে। রবিউল পল্টনে একটি জনশক্তি রফতানিকারক একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। কয়েক যুবক তাকে পিটিয়ে রাস্তায় ফেলে রাখলেও পুলিশ তাত্ক্ষণিকভাবে ঘটনাস্থলে যায়নি। হামলাকারীদের শনাক্ত করতে পারেনি পুলিশ।
পল্টন থানার ওসি মাহমুদুল হাসান বলেন, বিকাল পাঁচটার দিকে খবর পান কয়েক ব্যক্তি এক যুবককে রাস্তায় ফেলে মারধর করছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ গিয়ে দেখতে পায় যে পলওয়েল মার্কেটের উল্টোপাশের গলিতে গিয়ে অজ্ঞাত এক যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিত্সকরা মৃত ঘোষণা করেন। রবিউলকে উদ্ধারের সময়ে তার পরিচয় পাওয়া যায়নি। পরে তার পকেটে থাকা মোবাইল ফোনে স্বজনদের সঙ্গে কথা বলে নাম ঠিকানা জানা গেছে।
রবিউলের এক স্বজন বলেন, রবিউল জনশক্তি রফতানিকারক একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন। তবে প্রতিষ্ঠানটির নাম জানাতে পারেননি। নিহত রবিউলের বাড়ি মেহেরপুরের গাংনী উপজেলার জুগিরঝোপা এলাকায়।
পল্টন থানার ওসি মাহমুদুল হাসান জানান, নিহত রবিউলের স্বজনদের খবর দেয়া হয়েছে। তাদের সঙ্গে কথা বলা গেলে হামলার নেপথ্য পরিস্কার হবে। তার কোনো শত্রু ছিল কিনা তা জানা যাবে। তবে পুলিশ আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে হামলাকারীদের শনাক্তের চেষ্টা করছে।
ওসি বলেন, তারা প্রাথমিকভাবে ধারণা করছেন আদম ব্যবসার দ্বন্দ্বের কোনো জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।
ইত্তেফাক/এএম।