কুষ্টিয়ার মিরপুরে এক কেজি হেরোইনসহ শাজাহান (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার দুপুরের দিকে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের মিরপুর উপজেলার মহদীপুর এলাকা থেকে তাকে হেরোইনসহ আটক করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ী শাজাহান সদর উপজেলার মাধপুর এলাকার মতিয়ার মোল্লার ছেলে।
কুষ্টিয়া জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া মেহেরপুর সড়কের মিরপুর উপজেলার আমলার মহদীপুর এলাকায় বাস তল্লাশী করে তাকে আটক করা হয়। এসময় তার কাছে থাকা এক কেজি হেরোইন উদ্ধার করা হয়। সে বাসের সুপারভাইজার হিসেবে দায়িত্ব পালন করতো। এর আড়ালে মাদকের ব্যবসা করতেন বলেও জানান তিনি। এ ব্যাপারে মামলা দায়ের হয়েছে।
ইত্তেফাক/নূহু