সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের বিশেষ অভিযানে জামায়াত-শিবিরের ৫১ নেতাকর্মীসহ ৭৯ জনকে আটক করা হয়েছে। সোমবার বিকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় বিভিন্ন অভিযোগে তাদের বিরুদ্ধে ১০টি মামলাও দায়ের করা হয়েছে।
আটককৃতদের মধ্যে, সাতক্ষীরা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুস সোবহান মুকুল, কালিগঞ্জ উপজেলা জামায়াতের আমির মুজাহিদ আলী, সেক্রেটারি আব্দুল ওহাব, কালিগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ, মহিলা ভাইস চেয়ারম্যান জয়নব, আশাশুনি উপজেলা ভাইস চেয়ারম্যান শহীদুল ইসলামসহ জামায়াত-শিবিরের ৫১জন নেতা-কর্মী রয়েছে। সাতক্ষীরা জেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমীর মাওলানা রফিকুল ইসলামের জানাযা নামাজ শেষে বাড়ি ফেরার পথে পুলিশ তাদের আটক করে।
আটককৃতদের মধ্যে সাতক্ষীরা সদর থানা থেকে ৬২ জন, কলারোয়া থানা ৫ জন, তালা থানা ৪জন, কালিগঞ্জ থানা ২ জন, শ্যামনগর থানা ২ জন, আশাশুনি থানা ২ জন, দেবহাটা থানা ১ ও পাটকেলঘাটা থানা থেকে ১ জনকে আটক করা হয়।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান তাদের আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
এদিকে, এ ঘটনায় সংবাদ সংগ্রহের জন্য সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোজাফফর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল ও বাংলাভিশন টিভি চ্যানেলের জেলা প্রতিনিধি আসাদুজ্জামানসহ কয়েকজন সাংবাদিক থানায় গেলে পুলিশ তাদের সাথে অসৌজন্যমূলক আচরণ করে। এ ঘটনায় সাংবাদিকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
ইত্তেফাক/এমআই