রাঙ্গামাটি-খাগড়াছড়ি সড়ক ধস, যোগাযোগ বন্ধ

 
গত তিন দিনের একটানা বৃষ্টিতে রাঙ্গামাটি-খাগড়াছড়ি সড়কের কুতুকছড়ির খামারপাড়া এলাকায় আবারো সড়কের ২০ মিটার অংশ ভেঙ্গে গিয়ে সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। সড়ক ধসে যাওয়ায় রাঙ্গামাটি-খাগড়াছড়ি, বাঘাইছড়ি, নানিয়ারচরসহ বিভিন্ন উপজেলার কয়েক লাখ মানুষ দূর্ভোগে পড়েছে। 
 
রাঙ্গামাটিতে ১৩ জুনের ভয়াবহ পাহাড় ধসের ঘটনায় যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার একমাস পর ১৭ জুলাই রাঙ্গামাটি-খাগড়াছড়ি সড়কের সংযোগ পুনঃস্থাপন করে হালকা যান চলাচলের জন্য খুলে দেয়া হয়। কিন্তু এক সপ্তাহের ব্যবধানে গত তিন দিনের টানা বর্ষণে সোমবার সন্ধ্যায় সড়কে নতুন করে ভাঙ্গন হলে সড়কে যান চলাচল বিচ্ছিন্ন হয়ে যায়।
IMG0
 
রাঙ্গামাটি সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী অর্ধেন্দু বিকাশ চাকমা জানান, ভারী বর্ষণ শুরু হলে রাস্তার ক্ষতির আশঙ্কা রাঙ্গামাটি-খাগড়াছড়ি সড়কে যান চলাচল বন্ধ করে দেয় সড়ক বিভাগ। সড়ক বিভাগের কর্মীরা বৃষ্টির পানির তোড়ে রাস্তার যাতে ক্ষতি না হয় সে প্রচেষ্টা যখন চালাচ্ছিলেন ঠিক সে সময়ে সোমবার সন্ধ্যায় প্রবল বর্ষণে সড়কের নতুন অংশে ধসে যায়। আবহাওয়া কিছুটা উন্নতি হলে আমরা আবারো সড়কটি মেরামতের জন্য কাজ করবো। আশা করছি ২/৩ দিনের মধ্যে সড়ক টি আবারো পুনরায় চালু করে দেয়া সম্ভব হবে।
 
ইত্তেফাক/কেকে