রংপুরের বদরগঞ্জে সড়ক দুর্ঘটনায় আশিকুর রহমান রবি (৪২) নামে এক সাংবাদিক নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে উপজেলার রামনাথপুর ইউপির খোলাহাটির মোড় নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রংপুর হতে মোটরসাইকেল যোগে দিনাজপুরের পার্বতীপুর যাওয়ার পথে অটোচার্জার ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে রাস্তায় পড়ে গেলে ঘটনাস্থলেই রবির মৃত্যু হয়।
আশিকুর রহমান রবি রংপুর হতে প্রকাশিত দৈনিক অর্জন পত্রিকার বার্তা সম্পাদক ছিলেন। তিনি রংপুর মহানগরীর পুর্বশালবনের আ. মতিন তরফদারের ছেলে।
বদরগঞ্জ থানার ওসি আকতারুজ্জামান প্রধান মৃত্যুর খবরটি নিশ্চিত করে জানান, বিষয়টি শোনার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
ইত্তেফাক/জামান