ফেসবুকে আইনমন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচার, যুবলীগ নেতার বিরুদ্ধে জিডি

 
আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিমূলক লেখা ফেসবুকে প্রচার করায় আখাউড়া থানায় সাধারণ ডাইরি (জিডি) হয়েছে। সোমবার সন্ধ্যায় কেন্দ্রীয় যুবলীগের সদস্য সৈয়দ মো. মহসীন এর ফেসবুক আইডি'র বিরুদ্ধে এ জিডি দায়ের করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ তানজিল শাহ।
 
জিডি সূত্রে জানা গেছে, সৈয়দ মো. মহসীন নামক ফেসবুক আইডি থেকে কিছু দিন যাবত আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হকের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপ্রচার চালিয়ে সরকার ও আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। এছাড়াও আইনমন্ত্রীর একান্ত সহকারী সচিব রাশেদুল কায়সার (জীবন) ও আওয়ামী লীগ নেতাদের বিরোধিতা করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা এবং আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ভাবমূর্তি নষ্ট করাই ওই আইডির মূল লক্ষ্য বলে সাধারণ ডাইরিতে উল্লেখ করা হয়।
 
আখাউড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ তানজিল শাহ বলেন, 'সৈয়দ মো. মহসীন নামের ফেসবুক আইডি থেকে দীর্ঘদিন ধরে আইনমন্ত্রীর উন্নয়নমূলক কাজের বিরোধিতা ও উনার এপিএস রাশেদুল কায়সার জীবন এবং দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আসছে।'
 
আখাউড়া থানার ওসি (তদন্ত) আরিফুল আমিন থানায় জিডি হওয়ার বিষয়টির সত্যতা স্বীকার করেছেন।
 
ইত্তেফাক/জামান