স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, শাহবাগে পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষে সরকারি তিতুমীর কলেজের ছাত্র সিদ্দিকুর রহমানের আহত হওয়ার ঘটনাটি দুঃখজনক।
তিনি বলেছেন, ছেলেটির চোখের দৃষ্টিশক্তি থাকবে কি, থাকবে না সেই প্রশ্ন দেখা দিয়েছে। এক্ষেত্রে পুলিশের গাফিলতি আছে কিনা তা খতিয়ে দেখতে তিন সদস্যের কমিটি করেছি। কমিটির দেয়া প্রতিবেদন সন্তোষজনক না হলে আরেকটি তদন্ত কমিটি গঠন করা হবে। কার গাফিলতিতে এমন দুঃখজনক ঘটনা ঘটেছে তা খুঁজে বের করবোই। যার গাফিলতিতে এ ঘটনা ঘটেছে তাকে বিচারের আওতায় আনবো।
মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রণালয় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস ২০১৭ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজধানীর শাহবাগ মোড় অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান। এখানে যেন কোনোভাবেই যানবাহন থমকে না থাকে, যানজটের সৃষ্টি না হয় সেজন্যই পুলিশকে সচেষ্ট থাকতে হয়। এ লক্ষ্যেই পুলিশ সেখানে তত্পর থাকে। সরকারি পক্ষের বা বিপক্ষের হোক কোনও ধরনের সভা-সমাবেশ করতে পুলিশ সেখানে বাধা দেয়।
উল্লেখ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন করে অধিভুক্ত ঢাকার সাতটি কলেজের শিক্ষার্থীদের পরীক্ষার সময়সূচি ঘোষণার দাবিতে গত বৃহস্পতিবার শাহবাগে কলেজগুলোর শিক্ষার্থীদের বিক্ষোভের সময় লাটিপেটা ও কাঁদুনে গ্যাস ছোড়ে পুলিশ। তখন তিতুমীর কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র সিদ্দিকুরের চোখে টিয়ার শেলের আঘাত লাগে। তাকে আহত অবস্থায় সহপাঠীরা উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে থেকে তাকে জাতীয় চক্ষু ইনস্টিটিউটে নেয়া হয়।
ইত্তেফাক/এএম।