সিরাজগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের এক ছাত্রীকে উত্ত্যক্ত ও মারধরের ঘটনায় সাদ্দাম হোসেন নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরের দিকে কলেজের বিএনসিসি অফিসের সামনে ওই ছাত্রীকে সহপাঠীদের সামনে পেটান ছাত্রলীগ নেতা সাদ্দাম। এসময় উপর্যুপরি কিলঘুষিতে ওই ছাত্রীর চশমা ভেঙে ফেলেন সাদ্দাম। এ ঘটনায় কলেজ কর্তৃপক্ষ থানায় মামলা দায়ের করে।
পরে দুপুর ২টার দিকে ওই ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করে পুলিশ। সাদ্দাম সিরাজগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের সাবেক উপ-প্রচার বিষয়ক সম্পাদক ও শহরের দত্তবাড়ি মহল্লার আব্দুল মজিদের ছেলে।
কলেজের অধ্যক্ষ অধ্যাপক এস এম মনোয়ার হোসেন বলেন, আমরা বিষয়টি জানার পর পুলিশ সুপার ও সদর থানার ওসিকে অবহিত করি। এরপর ওই বখাটেকে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক একরামুল হক জানান, সাদ্দামের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। অপরাধী যেই হোক না কেন অন্যায় করলে তাকে শাস্তি পেতে হবে।
ইত্তেফাক/জামান