টাঙ্গাইল সদর উপজেলার রসুলপুর গ্রামের হতদরিদ্র বেলায়েত হোসেনের একমাত্র ছেলে আরাফাত (সাড়ে চার বছর) দুরারোগ্য ‘হিউম্যানজিওমা’ রোগে আক্রান্ত বলে চিকিত্সকরা জানিয়েছেন। তিন মাস বয়সে ওর নিচের ঠোঁটে ফুসকুড়ি ওঠে। ধীরে ধীরে ওই ফুসকুড়ি পুরো ঠোঁট ও মুখের একাংশে ছড়িয়ে পড়ে। একপর্যায়ে ঠোঁট ও মুখ বড় আকার ধারণ করে।
ঢাকার কেয়ার হাসপাতালসহ বিভিন্ন স্থানে ছেলের চিকিত্সা করিয়েছেন বেলায়েত হোসেন। কিন্তু রোগ ভালো হওয়ার কোনো লক্ষণই নেই, উল্টো বাড়ছে। চিকিত্সকরা বলেছেন- আরাফাতের এ রোগের বাংলাদেশে চিকিত্সা নেই। অন্তত ভারতে নিয়ে যেতে হবে। কিন্তু দেশের বাইরে চিকিত্সায় কমপক্ষে পাঁচ লাখ টাকা দরকার। ভিটেবাড়ি ছাড়া সম্বল বলতে কিচ্ছু নেই দিনমজুর বেলায়েত হোসেনের।
এত টাকা জোগাড় করে চিকিত্সা করানোর কোনো পথ তার সামনে খোলা নেই। নিরুপায় বাবা দেশের বিশেষজ্ঞ চিকিত্সক এবং হূদয়বান বিত্তশালীদের কাছে সহযোগিতা চেয়েছেন। কেউ সহযোগিতা করতে চাইলে নিচের এ ঠিকানায় যোগাযোগ করার জন্য সবিনয় অনুরোধ জানানো হয়েছে। বেলায়েত হোসেন, গ্রাম ও পোস্ট: রসুলপুর, উপজেলা ও জেলা টাঙ্গাইল, ফোন ০১৬৮১৩৩২৮২০।
ইত্তেফাক/নূহু