কক্সবাজারের চকরিয়ায় পৃথক অভিযান চালিয়ে ৩১ হাজার ইয়াবা সহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ১০টার দিকে চকরিয়া পৌরশহরের চিরিঙ্গা ও বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ডুলাহাজারার মেধাকচচপিয়া থেকে ইয়াবা পাচারের সময় তাদের আটক করা হয়। এসময় একটি চেয়ারকোচ ও মিনি ট্রাক জব্দ করেছে পুলিশ।
আটককৃতরা হলেন, পিকআপের চালক সাতক্ষিরা কলারোয়া উপজেলার মোস্তফিজুর রহমান (৪০), এবং হেলপার একই এলাকার শহীদুর রহমান (২৫), আমিনুল ইসলাম (৩৫), রশিদ আহমদ (৪০) ও মোহাম্মদ আয়ুব (৩৮)।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মো. রখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, বুধবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে এক হাজার পিস ইয়াবাসহ চালকও দুই যাত্রীকে আটক করা হয়। অপর দিকে মালুমঘাট হাইওয়ে পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামগামী একটি মিনি ট্রাকে অভিযান চালিয়ে ৩০হাজার পিস ইয়াবাসহ চালক ও হেলপারকে আটক করে।
জব্দকৃত ইয়াবাগুলো পাচারের উদ্দেশ্যে কক্সবাজার থেকে নিয়ে যাওয়া হচ্ছিল। আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে। জব্দকৃক ইয়াবার মূল্য কোটি টাকা হবে বলেও জানা গেছে।
ইত্তেফাক/জামান