পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি বলেছেন, দেশের মধ্যে উন্নয়নের রোল মডেল হবে চরফ্যাশন। আগামী নির্বাচনের আগেই চরফ্যাশনের প্রতিটি ঘরকে বিদ্যুতের আলোয় আলোকিত করবো।
উপমন্ত্রী বৃহস্পতিবার বিকেলে চরফ্যাশন ব্রজ গোপাল টাউন হলে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চরফ্যাশন উপজেলা ও পৌর শাখা আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
উপমন্ত্রী এসময় বলেন, এই সেই সফল নেত্রী যার হাতে ছিল পদ্মাব্রিজ নির্মাণের দায়িত্ব। পদ্মাব্রিজ স্বপ্ন নয়, এখন বাস্তব। প্রধান মন্ত্রীর উন্নয়নের ধারাবাহিকতায় আজ এখানে আটটি গ্রামসহ ইতোমধ্যে উপজেলার একশ'টি গ্রামে পল্লী বিদ্যুতের লাইন উদ্বোধন করা হয়েছে। ব্যাপক উন্নয়ন হয়েছে চরফ্যাশনে।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ইঞ্জিনিয়ার আবদুল মান্নানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো. মেহেদী হাছানের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, পৌর মেয়র শ্রী বাদল কৃষ্ণ দেবনাথ, মুক্তিযোদ্ধা কমান্ডার মোল্লা আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন মহাজন প্রমুখ।
ইত্তেফাক/জামান