দেড় ঘণ্টার পথে সময় লাগছে ১০ ঘণ্টা

 
টাঙ্গাইল থেকে ঢাকায় যেতে দেড় ঘণ্টার পথ পাড়ি দিতে সময় লাগছে ১০-১৫ ঘণ্টা। কয়েক দিন ধরে টানা বৃষ্টির কারণে মহাসড়কের অধিকাংশ স্থান থেকে পিচ ঢালাই উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়ে যানবাহন চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এক দিকে বৃষ্টি অপর দিকে ভাঙাচোরা রাস্তায় তীব্র যানজটের কারণে যাত্রীদের ভোগান্তির শিকার হতে হচ্ছে।
 
বৃহস্পতিবার মহাসড়কের বিভিন্ন জায়গায় গিয়ে দেখা দেখা গেছে, ভাঙাচোরা রাস্তায় যানবাহন আটকেপড়ে যানজট সৃষ্টি হয়েছে।মহাসড়কের কালিয়াকৈরের চন্দ্রা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার মহাসড়ক এখন খানা-খন্দকে ভরা।
 
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাইন উদ্দিন বলেন, যানজটের মূল কারণ এ মহাসড়কের চন্দ্রা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত ভাঙাচোরা রাস্তা ও অসংখ্য খানা খন্দক ও ভাঙাচোরা ব্রিজ ।এছাড়া চার লেনের কাজ হলেও সড়ক ও জনপথ বিভাগ এবং চারলেনের কাজে নিয়োজিত দুইটি কোম্পানির মধ্যে সমন্বয়হীনতার অভাবে এ রোডে প্রতিনিয়তই যানজট হচ্ছে।
 
এ প্রসঙ্গে চারলেন কাজে নিয়োজিত মীর আকতার হোসেন জেবি লি. এবং আব্দুল মোনেম কোং লি. এর দায়িত্বশীল দুই কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে নাম প্রকাশ না করার শর্তে তারা বলেন, বাংলাদেশ সরকার এবং সড়ক ও জনপথ বিভাগের মধ্যে চুক্তি হয়েছে এ মহাসড়ক চারলেন কাজ করে দেওয়ার জন্য। সে অনুযায়ী কাজ হচ্ছে। কিন্তু চারলেনের কাজ শেষ না হওয়া পর্যন্ত ভাঙাচোরা রাস্তা মেরামত করবে সড়ক ও জনপথ বিভাগ।
 
ইত্তেফাক/জামান