রাজধানীর কামরাঙ্গীর চরে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ, গোলাগুলি ও বোমাবাজির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতভর এই সংঘর্ষ চলার পর একটি গ্রুপের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাঁধে। ছাত্রলীগের ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় এএসআই নুর হোসেনসহ ৩ পুলিশ সদস্য আহত হয়েছেন। পুলিশ টিয়ার শেল ও শটগানের গুলি ছুড়ে দুই গ্রুপকে শান্ত করে।
ছাত্রলীগ কামরাঙ্গীর চর থানা শাখার যুগ্ম সম্পাদক দাবিদার সাইদুর রহমান রতন ও অপর যুগ্ম সম্পাদক দাবিদার মোরসালিন গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
কামরাঙ্গীর চর থানার ওসি শাহীন ফকির জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে বড়গ্রাম এলাকায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে উভয়পক্ষ দেশীয় আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে গুলি ছুড়তে থাকে। এক পর্যায়ে তারা ককটেলও নিক্ষেপ করে। পরে রতন গ্রুপ চেয়ারম্যান বাড়ী মোড়ে জড় হয়। সেখানে পুলিশের ওপর রতন গ্রুপের নেতাকর্মীরা ইট পাটকেল নিক্ষেপ করেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার শেল ও ৯ রাউন্ড শটগানের গুলি ছোড়ে। রাত আড়াইটার দিকে রাজারবাগ পুলিশ লাইন থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে মোতায়েন করা হলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
ইত্তেফাক/এমআই