মুরাদনগরে গাঁজা-ইয়াবাসহ আটক দুই

কুমিল্লা মুরাদনগর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দুই কেজি গাঁজা ও ৩৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যাবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন- উপজেলার বলিঘর গ্রামের মৃত রূপ মিয়ার (রূক মিয়া) ছেলে জুয়েল মিয়া (৩০) ও নবীপুর গ্রামের শফিক মিয়ার ছেলে জায়েদ আলী (২৭)।
 
বৃহস্পতিবার রাতে কোম্পনীগঞ্জ-নবীনগর সড়কের গাজীরহাট ছালাম শাহার মাজার ও নবীপুর গ্রাম থেকে তাদের আটক করে মুরাদনগর ও বাঙ্গরা বাজার থানা পুলিশ।
 
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার কোম্পনীগঞ্জ-নবীনগর সড়ক হয়ে একটি মাদকের চালান যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বাঙ্গরা বাজার থানার এমসআই আকতার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার গাজীরহাট ছালাম শাহার মাজার এলাকায় বিভিন্ন যানবাহনে তল্লাশি চালিয়ে ২ কেজি গাঁজাসহ জুয়েল মিয়াকে (৩০) আটক করে। অপরদিকে, একই সময়ে মুরাদনগর থানার এসআই মো. আবদুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার নবীপুর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী জায়েদ আলীকে আটক করে।
 
এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম বদিউজজ্জামান ও বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, আটককৃতের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার দুপুরে কুমিল্লা জেল হাজতে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/এমআই