সিলেটে যুবলীগের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ৩

 
সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়িতে আতিয়া মহলের কাছে  জঙ্গি হামলায় নিহত ‘জান্নাতুল ফাহিম স্মৃতি সংসদ’-এর একটি অনুষ্ঠানে সংঘর্ষ ও গুলির ঘটনা ঘটেছে। এতে অনন্ত ৩ জন আহত হয়েছেন। আহতরা স্থানীয় ছাত্রলীগ নেতা। শুক্রবার রাতে দক্ষিণ সুরমার কুশিঘাটে একটি অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
 
স্থানীয় সূত্রে জানা যায়, স্মৃতি সংসদ গঠন নিয়েই স্থানীয় আওয়ামী লীগের দুটি পক্ষ বিরোধে জড়িয়ে পড়ে। এর জের ধরেই গুলি ছোড়ার ঘটনা ঘটে। রাত আটটার দিকে সংগঠনটির সভাপতি স্থানীয় আওয়ামী লীগ নেতা গুলজার আহমদের অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানের মাঝপথে রাত নয়টার দিকে দর্শকসারিতে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়ে যুবলীগের দুই গ্রুপ। এর পরেই গুলি ছোড়ার ঘটনা ঘটে।
 
দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল জানান, সুরমার কুশিঘাটে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, মহানগর সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সভাপতি লুৎফুর রহমান, নগর সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ উপস্থিত ছিলেন। সূত্রে জানায় তাদের সামনেই গুলি ছোড়ার ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ছাত্রলীগ নেতা জাকির আহমদ খোকা, জামিল আহমদ, সুহেল আহমদকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার জেদান আল মুসা জানান, নিজেদের মধ্যে বিরোধ থেকে এই ঘটনা ঘটেছে বলে শুনেছি।
 
উল্লেখ্য, গত ২৬ মার্চ শিববাড়ির আতিয়া মহলে জঙ্গি আস্তানায় অভিযান চলাকালে বাইরে বোমা বিস্ফোরণে নিহত হন জান্নাতুল ফাহিমসহ ৬ জন। ফাহিমের বাড়ি দক্ষিণ সুরমার কুচাই ইউনিয়নে। তিনিও ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন।
 
ইত্তেফাক/এমআর